মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাসপোর্ট সেবা কেন্দ্র আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের পাশে ইমিগ্রেশন পুলিশ অভিযান চালিয়েছে। এতে প্রবাসীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দূতাবাস প্রেস উইং তরিকুল ইসলাম বলেন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী চলমান অভিযানের প্রেক্ষাপটে ইমিগ্রেশনের কর্মকর্তাগণ আজ কুয়ালালামপুরের ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় অবস্থানরত কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশীকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করে। বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। ইমিগ্রেশন পুলিশ সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখার পর তাদের ছেড়ে দেয়। প্রবাসে যেকোনো দাফতরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সাথে রাখার জন্য সকল প্রবাসীকে অনুরোধ করা হচ্ছে। হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ান সরকারের সাথে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।